সহায়তা
সমস্যা জানান
support@taqwa.world-এ ইমেইল করুন, অথবা GitHub-এ অ্যাকাউন্ট থাকলে সেখানে একটি ইস্যু খুলুন। তিনটি জিনিস জানালে সমস্যাটি নিয়ে কাজ করা সহজ হয়:
- অ্যাপের সংস্করণ, যা সেটিংস › তাকওয়া সম্পর্কে-তে দেখা যায়;
- আপনার ফোনের মডেল আর তার অ্যান্ড্রয়েড বা iOS সংস্করণ;
- ঠিক আগে আপনি কী করছিলেন, আর কাজে লাগলে একটি স্ক্রিনশট।
অ্যাপটি হঠাৎ বন্ধ হয়ে গেলে এটি আপনার ফোনে একটি ছোট প্রযুক্তিগত রিপোর্ট রাখে এবং পরেরবার খোলার সময় সেটি ইমেইল করার প্রস্তাব দেয়। আপনি পাঠাতে না চাইলে কিছুই পাঠানো হয় না।
কোনো ওয়াক্তের সময় ভুল মনে হচ্ছে
আপনি যেখানে আছেন, সেখানে প্রচলিত সময়সূচিই তাকওয়া অনুসরণ করে: সেটিংস › নামাজের সময় › সময়সূচি › স্বয়ংক্রিয়। যেখানে সেই সময়সূচি তাকওয়ার হাতে আছে, সেখানে তাকওয়া তা নতুন করে হিসাব করে দিনের পর দিন যাচাই করে, আর যাচাই করা দিনগুলোতে কোনো নামাজ প্রকাশিত সময়ের আগে শুরু হয় না। যেখানে মসজিদগুলো ভিন্ন ভিন্ন সময়সূচি মানে, সেখানে সবগুলোতে ওয়াক্ত শুরু হওয়ার পরই তাকওয়া প্রতিটি নামাজ দেখায়, আর যেখানে কোনো সময়সূচি জানা নেই, সেখানে সাবধানতার সঙ্গে সময় হিসাব করে। নামাজ স্ক্রিনে তারিখের পরের (i) চিহ্ন বলে দেয় আপনি কার সময় দেখছেন, আর “এই সময়গুলো সম্পর্কে” জানায় সেগুলো কীভাবে যাচাই করা হয়েছে।
আপনার মসজিদ অন্য কোনো সময়সূচি মানলে সেটিংস › নামাজের সময় › সময়সূচি থেকে সেটি বেছে নিন। “আমার মসজিদের সঙ্গে মেলান” মসজিদের বোর্ডের দুটি সময় থেকে সেটি খুঁজে দেখে: ফজর ও এশা শুরুর সময়, জামাতের সময় নয়। প্রচলিত হিসাবের পদ্ধতিগুলো আছে “অন্যান্য পদ্ধতি”-তে। সেটিংস › নামাজের সময় থেকে আসরের জন্য হানাফি বা সাধারণ মতও ঠিক করতে পারেন, আর যেকোনো ওয়াক্ত কয়েক মিনিট সরাতে পারেন; কোনো সময়সূচি বা সমন্বয় যদি কোনো নামাজ আগে দেখায়, তাকওয়া আগে আপনার সম্মতি চেয়ে নেয়।
নামাজের সব সময় যদি এক ঘণ্টা আগে বা পরে দেখায়, তবে হয়তো আপনার এলাকায় ঘড়ির সময় বদলেছে, বা এখন সারা বছর একই সময় রাখা হয়, কিন্তু আপনার ফোন এখনো তা জানে না; হাতে ঠিক করা ঘড়িতেও সময় এক ঘণ্টা এদিক-ওদিক হতে পারে। তাকওয়া এই পরিবর্তনের কথা জানলে নামাজ স্ক্রিনে লেখা থাকে “নামাজের সময় হয়তো এক ঘণ্টা ভুল”; কী বদলেছে আর কবে, তা দেখতে এতে চাপ দিন। সর্বশেষ সিস্টেম আপডেট থাকলে তা ইনস্টল করুন এবং তারিখ ও সময় স্বয়ংক্রিয় রাখুন: ঘড়ি স্বয়ংক্রিয় থাকলেই কেবল সতর্কবার্তা ঠিক থাকে।
হিজরি তারিখ একটি গাণিতিক পঞ্জিকা, তা উম্মুল কুরা বা স্থানীয় চাঁদ দেখা থেকে এক দিন আলাদা হতে পারে; সেটিংস › নামাজের সময়-এ তার জন্য এক দিনের সমন্বয় রাখা আছে।
নোটিফিকেশনে শব্দ হচ্ছে না
নামাজের নোটিফিকেশন এবং সেটিংস › নোটিফিকেশন-এর প্রিভিউ আপনার ফোনের নোটিফিকেশন ভলিউমে বাজে, তাই ফোন নীরব, ভাইব্রেট বা “বিরক্ত করবেন না” মোডে থাকলে কোনো শব্দ হয় না। অ্যান্ড্রয়েডে এমন হলে শব্দ বাছাইয়ের পর্দাতেই তা জানিয়ে দেওয়া হয়। রিংগার চালু করুন বা নোটিফিকেশনের ভলিউম বাড়ান, তারপর প্রিভিউটি আবার শুনুন।
নামাজের নোটিফিকেশন তার শব্দের প্রথম ৩০ সেকেন্ড বাজায়; iPhone একটি নোটিফিকেশনকে এর বেশি বাজতে দেয় না, আর তাকওয়া অ্যান্ড্রয়েডেও একই সীমা রাখে। সেটিংস › নোটিফিকেশন › আযান-এর প্লে বোতাম প্রতিটি কণ্ঠে পুরো আযান শোনায়।
আযান দেরিতে বেজেছে, বা বাজেইনি
অ্যান্ড্রয়েডে নোটিফিকেশন কাঁটায় কাঁটায় বাজতে পারে কেবল তখনই, যখন তাকওয়ার জন্য “অ্যালার্ম ও রিমাইন্ডার” অনুমতি দেওয়া থাকে; তা না থাকলে অ্যান্ড্রয়েড সেটি এক ঘণ্টা পর্যন্ত আটকে রাখতে পারে। তখন নামাজ স্ক্রিনে “সুনির্দিষ্ট অ্যালার্ম বন্ধ” দেখায়, আর সেটিংস › নোটিফিকেশন-এ “সুনির্দিষ্ট অ্যালার্মের অনুমতি দিন” বোতাম আছে।
কিছু ফোন ব্যাটারি বাঁচাতে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ঘুম পাড়িয়েও দেয়। তাকওয়ার ব্যাটারি ব্যবহার “সীমিত নয়” করুন (বেশিরভাগ ফোনে সেটিংস › অ্যাপ › তাকওয়া › ব্যাটারি), আর স্যামসাং ফোনে ব্যাটারি সেটিংসের ঘুমন্ত অ্যাপের তালিকাগুলো থেকে তাকওয়াকে সরিয়ে দিন। dontkillmyapp.com (ইংরেজিতে) প্রতিটি নির্মাতার জন্য ধাপগুলো দেখায়।
iPhone-এ iOS একটি অ্যাপকে সীমিত সংখ্যক নোটিফিকেশনই আগে থেকে সাজিয়ে রাখতে দেয়, তাই তাকওয়া যখনই চলে সামনের দিনগুলোর নোটিফিকেশন ঠিক করে রাখে: বারো দিনের নামাজ, অথবা “আগে মনে করিয়ে দিন” ও “তাহাজ্জুদ” দুটোই চালু থাকলে মাত্র পাঁচ দিন। কয়েক দিন পরপর অ্যাপটি খুললে নোটিফিকেশন আসতে থাকে।
কম্পাস ক্যালিব্রেট করতে বলছে
সাধারণ কারণ চুম্বক: চুম্বকযুক্ত কভার বা ওয়ালেট, MagSafe অ্যাক্সেসরিসহ, গাড়ির চৌম্বকীয় হোল্ডার, বা কাছের ল্যাপটপ কিংবা ধাতব টেবিল। ফোনটি এগুলো থেকে সরিয়ে নিন, কভারে চুম্বক থাকলে কভার থেকে বের করুন, তারপর কয়েকবার ফোনটি বাতাসে ইংরেজি আট সংখ্যার মতো করে ঘোরান।
কিবলা স্ক্রিনে “চৌম্বকীয় প্রভাব” দেখালে কাছে এমন কিছু আছে যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের চেয়ে শক্তিশালী: সরে গেলে কাজ হয়, আট সংখ্যার মতো ঘোরালে হয় না। “কম্পাস পাওয়া যাচ্ছে না” দেখালে ফোনটি ওই জায়গায় তার কম্পাস স্থির করতে পারেনি; দেখানো দিক ও দূরত্ব তবুও সঠিক, এবং অন্য যেকোনো কম্পাসের সঙ্গে ব্যবহার করা যায়।
তিলাওয়াত ডাউনলোড
তিলাওয়াত সাধারণত ওয়াই-ফাইতে ডাউনলোড হয়; সেটিংস › কুরআন › তিলাওয়াত-এ মোবাইল ডেটার জন্য একটি সুইচ আছে, আর কোন কারির কী জমা আছে তা মুছে ফেলার ব্যবস্থাসহ দেখানো হয়। মাঝপথে থেমে যাওয়া ডাউনলোড যেখানে থেমেছিল সেখান থেকেই আবার শুরু হয়।
আপনার তথ্য
তাকওয়া যা কিছু জানে সবই আপনার ফোনে থাকে: আপনার অবস্থান বা বেছে নেওয়া শহর, আপনার সেটিংস, বুকমার্ক, আযকার ও তাসবিহর গণনা, আর ডাউনলোড করা তিলাওয়াত। কোনো অ্যাকাউন্ট নেই, কোনো সার্ভারও নেই, তাই আমাদের কাছে চাওয়ার বা মুছতে বলার মতো কিছুই নেই। অ্যাপটি সরিয়ে ফেললে সবই মুছে যায়। গোপনীয়তা নীতি-তে এটি পুরোপুরি বলা আছে।
অন্য কিছু
পরামর্শ, অনুবাদের কোনো সংশোধন, কিংবা যে কারিকে দেখতে চান: সবকিছুর জন্য একই ঠিকানা।